বাড়িতে গেলে যাদের পাওয়া যাবে না
যুক্তি তক্কো আর গপ্পো দেখেছেন তো? হ্যাঁ—ওই মাতলামির সিনেমাটা। হ্যাঁ—ঠিকই বলেছেন। সাউন্ড কোয়ালিটি খুব খারাপ। যাই হোক তাহলে নীলকণ্ঠ বাগচি, বঙ্গবালা, জগন্নাথ ভট্টাচার্য, পঞ্চানন ওস্তাদ, নচিকেতা কে সে সব নিয়ে আমি আর কিছু বলছি না। বাতিল লোকজনকে নিয়ে কথা বলতে ভালো লাগে না। একদল হাভাতে বহু বছর এক সঙ্গে পথ হাঁটছে তো হাঁটছেই। একঘেয়ে সেই বস্তাপচা পেটঅন্ত প্রাণ জীবন। তাই নিয়ে ঘ্যানঘ্যান। বলার মতো কিছু নয়। কেউ চাঁদেও যায়নি, মঙ্গলেও যায়নি। তবে যত হাঁটছে, ওদের লাইনটা লম্বা হচ্ছে। এটুকুই কেমন যেন অস্বস্তি। ঘরদোর নেই। তার উপর কোনও ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই। কিছুর সঙ্গে কিছুর লিঙ্ক করা নেই। বিশ্ব বাজারে পেট্রোল আর সোনার দর নিয়ে জানাবোঝা নেই। একদম যাচ্ছেতাই ভাবে নিখোঁজ। একভাবে দেখলে গোটা দলটাই একটা ভূতুড়ে বোঝা। এদের ভোটাধিকার কি থাকছে প্রভু?

Comments
Post a Comment