আমি আর আমার বানান
এহে, আবার বানান ভুল। কিছু জিনিস কিছুতেই
পেছন ছাড়ে না। বাজে মুদ্রাদোষের মতো, পদবি/ পদবী র মতো, ছায়ার
মত, সৃতির মতো লেপটে থাকে। ভাল কথা। ভুল বানান সঙ্গে থাকলে থাক। আমি লজ্জিত হয়েই নয়
তাকে রেখে দিলাম। আর ভুল যে শুধু বানানে হয় তা তো নয়। ভুলে ভরা জীবন। বানানের ভুল হলে
শুধু জনসমক্ষে নিজের খামতিটুকু প্রকাশ পেয়ে যায়, এইটুকুই যা সমস্যা।
সবাই সঠিক ভাবে বুঝে যায় বর্ণ পরিচয়টা মনোযোগ দিয়ে পড়া হয়নি। বর্ণ পরিচয় ছাড়া আরও বহু
কিছু পড়ার ছিল পড়া হয়নি। জানার ছিল জানা হয়নি। বা প্রায় আতঙ্কিত হয়ে যাওয়ার মতো মারত্মক
কোনও ভুল ঠিক বলে জেনেছি—সে সব মাফ? বাংলা
পরীক্ষায় / পরিক্ষায় সন্দেহজনক বানানকে আমি আজীবন অবলিক দিয়ে দিয়ে সঠিকটা বোঝানোর চেষ্টা
করেছি। কিন্তু ফল বরাবর উল্টোই হয়েছে। শুনতে হয়েছে গবেট, কখনও আবার পেছনপাকা। ‘ পেছনপাকা
গবেট’ সেই থেকে আমার শিরস্থান। তবে ছিন্নভিন্ন।
আমি আর বানান এখন একান্তে বলাবলি করি,
যদি তুমি রেফ না হয়ে হসন্ত হতে। এ-কার না হয়ে ও-কার কি এমন মহাভারত
উলটে যেত?
কিন্তু লাভ কিছু হয় না। আসলে যা হয় সেটা আমি, আমি হয়েই
থাকি। আমার বানান, তার মতো। সেভাবেই এক সঙ্গে থাকি। সেই হ্যাপি কাপল-এর গল্পটার মতো।


Comments
Post a Comment